ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফসলী জমিতে পুকুর খননে এক্সেভেটর চালক জরিমানা


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৪৯ পিএম

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ফসলী জমিতে পুকুর খননের দায়ে এক্সেভেটর চালক নাঈম হোসেনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান তাড়াশ উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের উত্তর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সেভেটর ও ড্রাম ট্রাকের বেশ কয়েকটি ব্যাটারী জব্দ করা হয়।

অভিযানকালে এক্সেভেটর চালক নাঈম হোসেনকে জরিমানা করা হয় ৯০ হাজার টাকা। একই সঙ্গে মাটি বহনকারী ড্রাম ট্রাক চালক জয়নাল, রুহুল, কাওসার, নয়নসহ পুকুর খননে সহায়তাকারী সাতজনকে আটক করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, "ফসলী জমিতে পুকুর খনন রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "এই ধরনের অবৈধ কার্যক্রম আমাদের কৃষিভূমির জন্য বিপজ্জনক এবং এটি মাটি ও ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা তাড়াশ উপজেলায় কৃষি জমির সুরক্ষায় কঠোর অবস্থানে আছি।"

উপজেলা প্রশাসন ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অবৈধ পুকুর খননের ফলে এলাকার ফসলী জমির আয়তন দিন দিন কমছে এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফলে প্রশাসনের এই অভিযান কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।

তাড়াশের বিভিন্ন কৃষক ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করে আসছিলেন, যা তাদের আবাদি জমির জন্য বিরূপ প্রভাব ফেলছিল। প্রশাসনের এই কঠোর হস্তক্ষেপ এলাকার কৃষকদের জন্য আশার বাতাস বয়ে এনেছে।


এ সম্পর্কিত আরো খবর