ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের অবস্থায় রয়েছে। তিনি বলেন, “আমরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ চায় না। এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছি।”
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, গত শতকের আশির দশকে প্রতিবেশী ইরাকের সঙ্গে ইরানের ৮ বছরের দীর্ঘ যুদ্ধ হয়েছিল। তিনি উল্লেখ করেন, “ইরাক যুদ্ধের সময় পরিস্থিতি অনেক পরিষ্কার ছিল। তারা আমাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত, আমরা প্রতিরোধ করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা আমাদের জীবনযাপন, নিরাপত্তা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।”
পেজেশকিয়ান আরও বলেন, “আগের আঘাতগুলোর সময় আমাদের দুর্বলতা ছিল, কিন্তু এখন তা নেই। আমাদের সেনাসংখ্যা ও সমরাস্ত্র দু’দিক থেকেই শক্তিশালী। তাই তারা যদি হামলা চালায়, আমরা আরও দক্ষতার সঙ্গে জবাব দেব।”
গত বছর জুনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে, যেখানে ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। সেই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলছিল। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতা হয়েছিল, তবে পরমাণু ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এই উত্তেজনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের অবস্থান ও নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের চেষ্টাও।
আকাশজমিন / আরআর