ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট


  • আপলোড সময় : রবিবার ২৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট আগামী জানুয়ারি মাসেই চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশাবাদের কথা জানান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত এবং চিকিৎসা খাতে বিনিময় কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় নতুন নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আগ্রহী হয়ে উঠেছে। সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ছে।

চিকিৎসা সহযোগিতার প্রসঙ্গ টেনে ইমরান হায়দার বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য বাংলাদেশি রোগীদের যাতায়াত বাড়ছে। পাকিস্তান এ খাতে প্রশিক্ষণ ও একাডেমিক সুযোগ প্রদানে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই মিথস্ক্রিয়াকে স্বাগত জানান। তিনি সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রফেসর ইউনূস বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ব্যবসা, পর্যটন এবং বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের মেয়াদকালে দুই দেশ বিনিয়োগ ও যৌথ উদ্যোগভিত্তিক ব্যবসার জন্য নতুন পথ খুঁজে পাবে।

সৌজন্য সাক্ষাৎকালে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর