শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
অবরোধ শুরু হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ চত্বর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা শহীদ হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি উত্থাপন করেন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
চার দফা দাবির মধ্যে রয়েছে—খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়।
এ ছাড়া ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার দাবি তোলা হয়। পাশাপাশি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।
আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি আন্দোলনকারীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনা করে ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
শাহবাগে চলমান এই অবরোধের কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন বলে জানান সংশ্লিষ্টরা।
আকাশজমিন /
আরআর