ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

কারওয়ান বাজারে মানববন্ধনে হামলা: লাঠিসোঁটা নিয়ে রাস্তায় ব্যবসায়ীরা


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:২০ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এরই প্রতিবাদে তারা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত সেখানে এসে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পর ব্যবসায়ীরা একত্রিত হয়ে লাঠিসোঁটা হাতে কিচেন মার্কেটের সামনে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে বিক্ষোভ করেন এবং হামলার বিচার দাবি করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান ৫ আগস্টের পর থেকে কারওয়ান বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। এ চাঁদাবাজির প্রতিবাদেই মানববন্ধনের আয়োজন করা হয়। তবে মানববন্ধন চলাকালে আব্দুর রহমানের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায় বলে দাবি করেন তারা।

ব্যবসায়ীরা আরও বলেন, পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা না হলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসবেন বলেও হুঁশিয়ারি দেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বলেন, আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। আগেও তারা একই দাবিতে মানববন্ধন করেছেন। আজ মানববন্ধনের সময় আশপাশে পুলিশ উপস্থিত ছিল। হঠাৎ কয়েকজন এসে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হয়নি বলে জানান তিনি। ঘটনার পর কারওয়ান বাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর