ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে থাকবে ১০ হাজারের বেশি পুলিশ


  • আপলোড সময় : মঙ্গলবার ৩০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১৬ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়ার সময় এবং জানাজা ও দাফন প্রক্রিয়া চলাকালে ১০ হাজারের বেশি পুলিশ ও এপিবিএন সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবেন।

মঙ্গলবার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রেসসচিব বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি সংসদ ভবন এলাকায় একটি বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে, তবে খালেদা জিয়ার জানাজা আরও বড় পরিসরে হবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণেই নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জানাজা ও দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবেন। ডিএমপি, এপিবিএনসহ অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। কিছু এলাকায় সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে থাকবেন।

প্রেসসচিব শফিকুল আলম জানান, খালেদা জিয়ার দাফন ও জানাজা সংক্রান্ত সার্বিক বিষয়গুলো বিএনপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এই পুরো বিষয়গুলো তাদের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে এবং যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। প্রতিটি আয়োজন সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো শঙ্কা নেই। এজন্যই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ হাজারের বেশি পুলিশ, এপিবিএন এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য মোতায়েন থাকবেন। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

এর আগে দুপুরে খালেদা জিয়ার দাফন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নিতে উপদেষ্টারা বৈঠকে বসেন। বৈঠকে জানাজা ও দাফন ঘিরে সম্ভাব্য জনসমাগম, যানবাহন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা ভিড় করেন এবং শোক প্রকাশ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর