ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ


মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

  • আপলোড সময় : বুধবার ৩১ ডিসেম্বর, ২০২৫ সময় : ১১:৪৬ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার রাজধানীর গুলশান এলাকা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। মরদেহবাহী গাড়িটি লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে বহন করা হচ্ছে।

বেলা ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহবাহী গাড়িবহর যাত্রা শুরু করে। গাড়িবহরে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গাড়িবহরটি গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।

এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশান নেওয়া হয়। প্রথমে দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতা-কর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

জানাজা আজ বুধবার বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে খালেদা জিয়া রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।

সুষ্ঠু জানাজা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন।

বুধবার ভোর ৬টায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) এবং একই সঙ্গে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের আশপাশে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এই সময়ে তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা মরদেহের পাশে বসে কুরআন পাঠ করছেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর শোক ও সংবেদন সৃষ্টি করছে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন। তাঁর প্রয়াণে পুরো দেশ শোকাহত।


এ সম্পর্কিত আরো খবর