অনলাইন রিপোর্টার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। রবিবার (৪ জানুয়ারি) জোবায়ের হোসেন পাপ্পুকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান জানান, গত ৩১ ডিসেম্বর রাতে নাঈম কিবরিয়া প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। এ সময় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়।
পরবর্তীতে অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাত আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
নাঈম কিবরিয়াকে রাত ১০:৪৫ মিনিটে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ভাটরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
রাকিব হাসান আরও জানান, মামলার ছায়া তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার জোবায়ের হোসেন পাপ্পুকে বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত জোবায়ের হোসেন পাপ্পুকে ভাটরা থানায় হস্তান্তর করা হয়েছে।
আকাশজমিন / আরআর