ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

১৬ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে ফাইনালে বার্সেলোনা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ জানুয়ারী, ২০২৬ সময় : ১:১৪ পিএম

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার পথে অ্যাথলেটিক বিলবাওকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সৌদি আরবে অনুষ্ঠিত সেমিফাইনালে পুরো ম্যাচজুড়েই হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ছিল দাপুটে। মাত্র ১৬ মিনিটের ব্যবধানে চারটি গোল করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় কাতালানরা। বিরতির পর আরও এক গোল যোগ করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা।

বুধবার দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে মুখোমুখি হয় বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। পুরো ম্যাচে তারা ৮০ শতাংশ পজেশন ধরে রেখে মোট ১৪টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে বিলবাও ৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৪টি।

প্রথমার্ধের শুরুতে কিছুটা সময় নিলেও দ্রুতই আক্রমণের ধার বাড়াতে থাকে বার্সা। ম্যাচের ১৬ মিনিটে প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে পেদ্রির পা থেকে, যদিও সেটি সরাসরি বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের হাতেই জমা পড়ে। কিছুক্ষণ পর ফারমিন লোপেজ একটি ভালো সুযোগ মিস করেন। তবে এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাতালানদের।

২১ মিনিটে ফেররান তোরেসের গোলে লিড নেয় বার্সেলোনা। রুনি বার্ধগির বাড়ানো বল লোপেজ কাজে লাগাতে না পারলেও বলটি তোরেসের পায়ে যেতেই বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে জাল কাঁপান তিনি। ৩০ মিনিটে লিড দ্বিগুণ হয়। বক্সের ভেতরে রাফায়েল রাফিনিয়ার পাস পেয়ে এক স্পর্শে বল জালে পাঠান ফারমিন লোপেজ।

এরপর যেন গোলের বন্যা বইয়ে দেয় বার্সেলোনা। ৩৪ মিনিটে লোপেজের বাড়ানো বল একজনকে কাটিয়ে নিচু শট নেন রুনি বার্ধগি, যা উনাই সিমোনের হাত ফাঁকি দিয়ে গোললাইন পেরিয়ে যায়। মাত্র চার মিনিট পর আবারও আঘাত হানে বার্সা। বার্ধগির পাস পেয়ে একজন ডিফেন্ডারকে এড়িয়ে বুলেট গতির শটে নিজের নাম স্কোরশিটে লেখান ব্রাজিলিয়ান তারকা রাফায়েল রাফিনিয়া।

এতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা, যা স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সেমিফাইনালের প্রথমার্ধে কোনো দলের চার গোল করার প্রথম ঘটনা। ৪২ মিনিটে বিলবাও একটি সুযোগ তৈরি করলেও তাদের শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

বিরতির পরও আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। ৫২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করে দলের পঞ্চম গোল নিশ্চিত করেন। বক্সের ভেতর থেকে নেওয়া তার জোরালো শট ঠেকাতে পারেননি বিলবাও গোলরক্ষক। ৬৫ মিনিটে রাফিনিয়াকে তুলে নামানো হয় মার্কাস রাশফোর্ডকে। একই সময়ে বার্ধগির জায়গায় মাঠে নামেন লামিনে ইয়ামাল।

এরপর আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে কাতালানরা।

লা লিগায় টানা নয় ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে গেছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে বৃহস্পতিবার। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।


এ সম্পর্কিত আরো খবর