নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে। চিঠিটি ৬ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত হয়ে ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২-এর সীমানা সংক্রান্ত মামলা (সিএমপি নং-১১০৫/২০২৫) নিয়ে মাননীয় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এসব আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “গতকাল কিছু তথ্যগত অসংগতি ছিল, তবে আজ যে চিঠিটি এসেছে সেটিই সঠিক। পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”
নির্বাচন স্থগিতের বিষয়টি ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসন জানিয়েছে, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত নির্বাচনী অবস্থা অস্থির না হয়।
এদিকে, নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
আকাশজমিন / আরআর