ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা শহরের আলীমুজ্জামান ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত একটি ব্যাগে থাকা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার সকালে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এই ব্যাগটি উদ্ধার করা হয়।
বর্তমানে নিরাপত্তা বাহিনী বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এই বস্তুটি বোমা নাকি ককটেল, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বোমা বা ককটেল সাদৃশ্য কোনো বস্তুই এটি হতে পারে।
স্থানীয়রা জানান, ব্যাগটি একটি পরিত্যক্ত স্থানে পাওয়া যাওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।
ওসি শহিদুল ইসলাম আরও বলেন, বোমা নিষ্ক্রিয় করার পর বস্তুর প্রকৃত রূপ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বর্তমানে তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং আশেপাশের এলাকা থেকে সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিদের খুঁজতে তৎপর রয়েছে।
ফরিদপুরে এই ধরনের বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার অভিযান নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও সতর্কতার দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।