ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী আটক, বেরিয়ে আসছে ‘থলের বিড়াল’


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৯:১৭ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। রোববার (১১ জানুয়ারি) পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে বাধা দেয়ার কারণে নেতানিয়াহুর ওই সহযোগীকে আটক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালে সামরিক তথ্য ফাঁসের ঘটনার তদন্তে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি।

পুলিশ আটক ব্যক্তির নাম প্রকাশ না করলেও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তিনি জাখি ব্রাভারম্যান। তিনি নেতানিয়াহুর বর্তমান চিফ অব স্টাফ এবং যুক্তরাজ্যে ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হওয়ার প্রার্থী।

পুলিশের বিবৃতিতে বলা হয়, “আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে তদন্তে বাধা দেওয়ার সন্দেহে আটক করা হয়েছে। তাকে বর্তমানে সতর্কতামূলক জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে।”

নেতানিয়াহুর সাবেক সহকারী এলি ফেল্ডস্টেইন অভিযোগ করেছেন, ব্রাভারম্যান গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধে বিদেশি গণমাধ্যমে সংবেদনশীল সামরিক তথ্য ফাঁসের ঘটনায় তদন্তে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ফেল্ডস্টেইন ইসরায়েলি সেনাবাহিনীর একটি গোপন নথি জার্মান ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’-এ ফাঁস করেন, যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়।

নথি প্রমাণ করার চেষ্টা করেছিল যে হামাস কোনো যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী নয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় আটক হওয়া জিম্মিদের মুক্তি আলোচনার মাধ্যমে নয়, সামরিক চাপের মাধ্যমে সম্ভব। নেতানিয়াহুর ন্যারেটিভকে সমর্থন করার জন্য ওই নথি তৈরি করা হয়েছিল।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থা ‘কান’-কে দেয়া এক সাক্ষাৎকারে ফেল্ডস্টেইন বলেন, তথ্য ফাঁসের কিছুদিন পর ব্রাভারম্যান তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। সেনাবাহিনী একটি তদন্ত শুরু করেছে এবং ব্রাভারম্যান ওই তদন্ত বন্ধ করতে পারেন বলেও জানিয়েছেন।

ফেল্ডস্টেইন আরও বলেন, নেতানিয়াহু ওই তথ্য ফাঁসের বিষয়ে অবগত ছিলেন এবং জনসমর্থন জোগাড়ের জন্য ওই নথি ব্যবহারের পক্ষে ছিলেন।

ব্রাভারম্যানের আটক হওয়ার পর বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, তার যুক্তরাজ্যে রাষ্ট্রদূত পদে নিয়োগ অবিলম্বে স্থগিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “তদন্তে বাধা দেয়ার সঙ্গে জড়িত কেউ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশে ইসরায়েলের প্রতিনিধি হতে পারেন না। এটি মোটেও গ্রহণযোগ্য নয়।”

সূত্র: আরব নিউজ


এ সম্পর্কিত আরো খবর