ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ছেলে আহত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:০৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রানিচাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে গেদু মিয়া (৭৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় তাঁর ছেলে রাইকুল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেদু মিয়ার মৃত্যু হয়।

নিহত গেদু মিয়া রানিচাপুর গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাবা ও ছেলের ওপর হামলা চালানো হয়েছে। তবে পুলিশ বলছে, গেদু মিয়ার ওপর হামলার বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়।

নিহত গেদু মিয়ার ছোট ভাই সানোয়ার ফকির জানান, গত বৃহস্পতিবার সকালে গেদু মিয়ার ছেলে রাইকুল বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জমিসংক্রান্ত বিরোধের জেরে রাইকুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রাইকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গেদু মিয়া খালিয়াজুরী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন গেদু মিয়ার পথরোধ করে। সানোয়ার ফকিরের অভিযোগ, এ সময় প্রতিপক্ষের সদস্যরা গেদু মিয়াকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে গেদু মিয়া মারা যান। তার ছেলে রাইকুল বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাইকুলের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে, গেদু মিয়ার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, যার জের ধরেই এই সহিংসতার ঘটনা ঘটেছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার রাইকুলের ওপর হামলার ঘটনায় গেদু মিয়া থানায় অভিযোগ করেছিলেন। তবে গেদু মিয়ার ওপর হামলার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, “গেদু মিয়া কীভাবে আহত হয়েছেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টি আমরা নিশ্চিতভাবে খতিয়ে দেখছি।”

ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর