ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

৩২ শটে ১ গোল, ‘হারের সমান ড্র’ লিভারপুলের


  • আপলোড সময় : রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৫৮ পিএম

প্রিমিয়ার লিগে রেলিগেশন অঞ্চলে থাকা বার্নলির বিপক্ষে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচজুড়ে দাপট দেখিয়েও জয় আদায় করতে পারেনি অলরেডরা। পুরো ম্যাচে ৩২টি শট নিয়ে মাত্র একবারই বল জালে পাঠাতে পেরেছে তারা। উল্টো প্রতিপক্ষের একমাত্র লক্ষ্যে নেওয়া শটেই গোল হজম করে শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। এই ড্রকে ‘হারের সমান’ বলেই মনে করছেন দলের তারকা ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ।

১৩ ম্যাচ ধরে জয়হীন থাকা বার্নলি বর্তমানে প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে অবস্থান করছে। তাদের নিচে রয়েছে কেবল উলভারহ্যাম্পটন। এমন এক দলের বিপক্ষে এত সুযোগ তৈরি করেও জয় না পাওয়া যে কতটা হতাশার, তা ম্যাচ শেষে স্পষ্ট করেছেন উইর্টজ। আর্নে স্লটের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ অপরাজিত থাকলেও, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তার দল।

শনিবার (১৮ জানুয়ারি) অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিভারপুল। তবে ফিনিশিং দুর্বলতায় বারবার হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের। প্রথমার্ধে ডমিনিক সোবোসলাইয়ের নেওয়া একটি পেনাল্টি মিস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপরও আক্রমণ অব্যাহত রাখে লিভারপুল। অবশেষে ফ্লোরিয়ান উইর্টজের গোলে এগিয়ে যায় অলরেডরা।

গোলের পরও একচেটিয়া আধিপত্য বজায় রাখে লিভারপুল। বার্নলিকে খুব বেশি সুযোগ তৈরি করতে না দিলেও প্রতিপক্ষের একমাত্র আক্রমণেই বড় মূল্য দিতে হয়। ম্যাচের ৬৫তম মিনিটে লক্ষ্যে নেওয়া তাদের প্রথম শটেই গোল করে দলকে সমতায় ফেরান মার্কাস এডওয়ার্ডস। এরপর শেষ সময় পর্যন্ত একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি লিভারপুল।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে উইর্টজ বলেন, ‘এটা পরাজয়ের মতোই মনে হচ্ছে। আমরা এত বেশি শট নিয়েছি, যার অনেকগুলোই ছিল লক্ষ্যে। আমার মনে হয়, আমাদের আরও গোল পাওয়া উচিত ছিল। কিন্তু কিছু দিন এমনই হয়—সব চেষ্টা করেও গোল আসে না। আমরা মাত্র এক পয়েন্ট পেয়েছি। তবু আবার মাঠে নামব এবং আরও ভালো করার চেষ্টা করব।’

কোচ আর্নে স্লটও একই সুরে কথা বলেছেন। তার মতে, এই ম্যাচে লিভারপুলের জেতাই উচিত ছিল। সুযোগ তৈরির দিক থেকে সন্তুষ্ট হলেও ফলাফলে হতাশ তিনি।

এই ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা তাদের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানসিটি।

অন্য ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানইউ। এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে দলটি। চেলসিও লিগে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে, ব্রেন্টফোর্ডকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছে তারা। শীর্ষে থাকা আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করলেও এখনো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর