গ্যাসের বোতল থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে ফায়ার সার্ভিসের একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে করিমগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, করিমগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইউনিট সপ্তাহের প্রতি সোমবার উপজেলার বিভিন্ন জনবহুল বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে আগুন নেভানোর প্রাথমিক কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে থাকে। এরই ধারাবাহিকতায় দেওয়ানগঞ্জ বাজারে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় গ্যাসের বোতল থেকে আগুন লাগলে কীভাবে আতঙ্কিত না হয়ে দ্রুত ও নিরাপদ উপায়ে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারণ, ঝুঁকি কমানোর উপায় এবং জরুরি অবস্থায় করণীয় সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের সামনে বাস্তব উদাহরণ দিয়ে দেখান।
দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, আগে আমরা গ্যাসের বোতল থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের বিষয়ে তেমন কোনো ধারণা রাখতাম না। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের হাতে-কলমে যেভাবে বিষয়গুলো দেখিয়েছেন, তা আমাদের জন্য খুবই উপকারী। এ জ্ঞান ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করতে সহায়ক হবে।
করিমগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মাহবুব ইসলাম বলেন, প্রতি সোমবার আমাদের সাব স্টেশন থেকে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে জনগণের সঙ্গে গণসংযোগ করা হয়। গ্যাসের বোতল থেকে উদ্ভূত আগুন কীভাবে প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে মানুষ জরুরি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হয়।
আকাশজমিন / আরআর