ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে বরই চাষে সফল কৃষক রাহাদ খাঁন রুবেল


  • আপলোড সময় : রবিবার ২৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:৪৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বরই চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন রাহাদ খাঁন রুবেল। তার এই সাফল্য এলাকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাকে অনুসরণ করে অনেক কৃষক এখন বরই বাগান গড়ে তোলার স্বপ্ন দেখছেন। অল্প সময়ে বেশি লাভ হওয়ায় বরই চাষ এখন তাড়াশ অঞ্চলে একটি আলোচিত ও লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হয়েছে।

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সান্তান গ্রামে আলীম হোসেনের ২০ বিঘা জমির সঙ্গে আরও ৫ বিঘা জমি লিজ নিয়ে মোট ২৫ বিঘা জমিতে বরই বাগান গড়ে তুলেছেন কৃষক রাহাদ খাঁন রুবেল। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় প্রায় সাত মাস আগে তিনি বরই গাছ রোপণ করেন। তার বাগানে উন্নত জাতের বলসুন্দরী, থাইকুল, আপেল কুল এবং কাশ্মীরি জাতের মোট এক হাজার ২০০টি বরই গাছ রয়েছে।

রুবেল জানান, জমি তৈরি, চারা ক্রয়, রোপণ, পরিচর্যা এবং বরই উত্তোলন পর্যন্ত তার মোট খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। চলতি বছরই প্রথমবারের মতো তার বাগানের গাছগুলোতে বরই ধরেছে। বর্তমানে প্রতিটি গাছে বিপুল সংখ্যক বরই ঝুলে থাকতে দেখা যাচ্ছে। বরইগুলো আকারে বড় এবং খেতে অত্যন্ত সুমিষ্ট হওয়ায় বাজারে ভালো চাহিদা তৈরি হয়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী কৃষক রাহাদ খাঁন রুবেল আশা করছেন, প্রথম বছরেই তিনি প্রায় ৪ লাখ টাকার বরই বিক্রি করতে পারবেন। সব খরচ বাদ দিয়ে প্রথম বছরেই তার সম্ভাব্য লাভ দাঁড়াবে প্রায় ২ লাখ টাকা। তার মতে, অন্য কোনো প্রচলিত ফসল চাষ করে এত অল্প সময়ে এমন লাভ সাধারণত সম্ভব হয় না। পরবর্তী বছরগুলোতে গাছ আরও পরিপক্ব হলে বরইয়ের উৎপাদন আরও বাড়বে এবং নতুন করে গাছ লাগানোর খরচও থাকবে না। ফলে আর্থিক লাভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।


রুবেলের এই সাফল্য দেখে পার্শ্ববর্তী এলাকার অনেক কৃষক তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তারা বরই বাগান গড়ে তোলার বিষয়ে তার অভিজ্ঞতা জানতে আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি অনেক কৃষক কৃষি বিভাগের সঙ্গেও যোগাযোগ করছেন প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নেওয়ার জন্য, যাতে তারাও নিজেদের জমিতে বরই চাষ শুরু করতে পারেন।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, বরই চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নত জাতের বরই চাষ শুরু হয়েছে। কৃষকদের মধ্যে বরই চাষ নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এর ফলস্বরূপ চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে উন্নত জাতের বরই চাষ হয়েছে।

তিনি আরও বলেন, এই ধারাবাহিকতায় রাহাদ খাঁন রুবেল একটি বড় আকারের বরই বাগান গড়ে তুলে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছেন। যারা উন্নত জাতের বরই বাগান গড়ে তুলতে আগ্রহী, কৃষি বিভাগ তাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর