সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো খোকসাবাড়ী ইউনিয়নের চর শৈলাবাড়ী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) এবং একই গ্রামের সজিব সেখের মেয়ে সুমি খাতুন (২)। আহত শিশুরা হলো চর শৈলাবাড়ী গ্রামের মেনহাজের ছেলে আবির হোসেন (২) ও একই গ্রামের সামিদল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, করোনাকালীন সময়ে শালুয়াভিটা হাটে জনসাধারণের হাত ধোয়ার সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেছিল। দীর্ঘদিন ধরে সেটি ব্যবহার অনুপযোগী ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বেসিনটির আশপাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক চিহ্ন ছিল না।
রবিবার দুপুরের দিকে চার শিশু বেসিনটির ওপর উঠে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে বেসিনটির দেয়াল ভেঙে ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই চার শিশু দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
স্থানীয়রা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রায়হান হোসেন ও সুমি খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। স্থানীয় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই পরিত্যক্ত অবকাঠামো দীর্ঘদিন পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তোলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয়রা বলছেন, হাট এলাকায় এ ধরনের পরিত্যক্ত স্থাপনা দ্রুত অপসারণ না করলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আকাশজমিন / আরআর