নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মোল্যা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকেল চালক ইমরান (১৯)। নিহত সাগর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আহত ইমরান বর্তমানে যশোরে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মোল্যার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর মোল্যা উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের উসমান মোল্যার ছেলে। আহত ইমরান একই গ্রামের আরজান এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাগর মোল্যা ও তার বন্ধু ইমরান মোটরসাইকেলযোগে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা লাহুড়িয়া-লোহাগড়া সড়কের মাকড়াইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ইমরান ও পেছনে থাকা আরোহী সাগর গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। একই সঙ্গে আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে সাগর মোল্যাকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। এদিকে, আহত ইমরানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি বর্তমানে যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাগরের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা জানান, সাগর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এলাকাবাসী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং সড়কে নসিমনসহ অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়রা জানান, লাহুড়িয়া-লোহাগড়া সড়কে প্রায়ই নসিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।