স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে “বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি” শীর্ষক সংবাদটি প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। ঘটনাটি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন এবং ক্ষতিগ্রস্ত মুয়াজ্জিনের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।
তারেক রহমানের নির্দেশনা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ’২০) নওগাঁয় চাকুরীচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল সরাসরি আল আমীন চৌধুরীর খোঁজখবর নেন এবং তাঁর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।
সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিনি জানান, রাজনৈতিক মত প্রকাশের কারণে কোনো নাগরিকের জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি হওয়া গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে চাকুরীচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে আগামী দুই মাসের অগ্রিম বেতন আল আমীন চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, মানবিক সহায়তা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই ‘আমরা বিএনপি পরিবার’ এই উদ্যোগ গ্রহণ করেছে।
চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে থাকা আল আমীন চৌধুরী প্রতিনিধি দলের এমন সহানুভূতিশীল আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছিলেন। এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় তিনি তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা বলেন, রাজনৈতিক ভিন্নমত বা পছন্দের কারণে কাউকে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।
নেতৃবৃন্দ আরও জানান, সমাজের নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ‘আমরা বিএনপি পরিবার’-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর