কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ হাসিবুর রহমান
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় ইসলামী ঐক্যজোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কী বলেছেন, ভোটের মাধ্যমে জনগণ যদি তাঁকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠান, তবে তিনি জনগণের খাদেম হিসেবে কাজ করবেন এবং কোনো ধরনের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়াবেন না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আব্দুল আজিজ মাক্কী বলেন, “আপনারা যদি রিকশা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, তাহলে আমি ওয়াদা করছি—কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার যেসব নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা বাণিজ্য করা হচ্ছে, সেসব অন্যায়ের বিরুদ্ধে ব্যারিকেড দিয়ে দাঁড়াবো। এখানে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে।”
তিনি আরও বলেন, “যিনি আমাকে শত্রু মনে করেন কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন, তাঁর প্রতিও আমি ইনসাফ করবো। আমার দায়িত্ব হবে সকল মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা।” ধর্মীয় সহনশীলতার বিষয়ে তিনি বলেন, “যারা আমার ধর্ম পালন করেন না, সনাতন ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বীরা যেন নিরাপদ ও নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।”
নির্বাচনী বক্তব্যে তিনি বলেন, রিকশা প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি তাঁকে সমর্থন দেন, তবে তিনি একটি ন্যায়ের রাষ্ট্র, একটি মানবতার রাষ্ট্র এবং ইসলামের আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবেন। তিনি দাবি করেন, “আমাদের দলে কোনো মাদক সম্রাট নেই, কোনো ঋণ খেলাপি নেই, কোনো অপরাধী নেই। আমরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষদের নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”
এর আগে মুফতি আব্দুল আজিজ মাক্কী গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিমকে সঙ্গে নিয়ে কোটালীপাড়া উপজেলার হরিণাহাটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। পরে রাতে তিনি উপজেলার বুজুর্গকোনা বাজারে আরও একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও পথসভায় ১১ দলীয় ইসলামী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা রিকশা প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা প্রতীকের পক্ষে প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা দাবি করেন।