মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুব হাসান শাহীন (যুগ্মসচিব), সদস্য—বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। জাতীয় দিবসসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১২ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন এস. এম. সাব্বির শেখ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন জান্নাতুল ফেরদৌস মীম। এছাড়া ২০২৫ সালে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে এক লক্ষ টাকা নগদ পুরস্কার লাভ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ ভলিবল খেলায় উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়ের দল। শিক্ষক সংকট থাকা সত্ত্বেও বর্তমান শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি ধারাবাহিক ভালো ফলাফল অর্জন করেছে। ২০২৩ সালে পাসের হার ছিল ৯১.৬৯ শতাংশ, ২০২৪ সালে ৮৭.৭৬ শতাংশ এবং ২০২৫ সালে ৭১.৪৮ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব হাসান শাহীন বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠতে হবে। ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষিত হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা তৈরি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও নাটিকাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নৈতিকতা গঠনে সহায়ক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শাখায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আকাশজমিন / আরআর