ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে: খামেনি


  • আপলোড সময় : রবিবার ০১ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:০১ পিএম

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে সেটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি ঘিরে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই এই সতর্কবার্তা দেন তিনি। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ ও সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এতে করে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আয়াতুল্লাহ আলি খামেনি তার বক্তব্যে বলেন, ট্রাম্প নিয়মিতই দাবি করেন যে তিনি যুদ্ধজাহাজ পাঠিয়েছেন এবং সামরিক শক্তি প্রদর্শন করছেন। কিন্তু এসব দেখে ইরানি জাতি ভয় পায় না। ইরানি জনগণ কখনোই এমন হুমকিতে বিচলিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইরান কখনোই আগ্রাসনের সূচনা করে না এবং কোনো দেশকে আক্রমণ করতে চায় না। তবে কেউ যদি ইরানের ওপর আক্রমণ কিংবা হয়রানি চালায়, তাহলে ইরানি জাতি তার কঠোর ও শক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে। ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা নিয়ে কোনো আপস করা হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নাকচ করেনি তেহরান। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ন্যায্য ও সম্মানজনক আলোচনায় প্রস্তুত, তবে এমন কোনো আলোচনা গ্রহণযোগ্য হবে না যা ইরানের প্রতিরক্ষামূলক সক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে করা হয়।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং তিনটি লিটোরাল কমব্যাট জাহাজ এই অঞ্চলে মোতায়েন রয়েছে। এসব যুদ্ধজাহাজের উপস্থিতিকে কেন্দ্র করেই মূলত আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ১৯৭৯ সালে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেয়।

ইরানের সরকারি হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় দেশটির বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, এখন পর্যন্ত ৬ হাজার ৭১৩ জনের মৃত্যুর তথ্য তারা যাচাই করেছে। যদিও এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সূত্র: রয়টার্স।


এ সম্পর্কিত আরো খবর