ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

‘বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে’


  • আপলোড সময় : বুধবার ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৬:৫১ পিএম

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের পর কার্যকর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি তার ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারের মাধ্যমে দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করেছে। সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকার ও বিভিন্ন কমিশনের দেওয়া প্রতিবেদনসমূহও গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের আয়োজনে চকরিয়া ও পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে, সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। গণতন্ত্রকে টেকসই ও কার্যকর করতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে—গণতন্ত্রের মূল শক্তি জনগণ, আর জনগণের কণ্ঠস্বর তুলে ধরার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বা দমন নয়, বরং সহযোগিতার মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার নীতিতে বিশ্বাস করে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনের প্রস্তাবনাগুলো বিএনপি গভীরভাবে পর্যালোচনা করবে এবং বাস্তবসম্মত সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, গণমাধ্যম সংস্কারের নামে কোনোভাবেই কণ্ঠরোধ করা হবে না, বরং সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

ডিজিটাল যুগের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্য আদান-প্রদান অত্যন্ত দ্রুত ও সহজ হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই একটি সংবাদ বা তথ্য দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এই বাস্তবতায় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ন থাকে।

তিনি আরও বলেন, ভুল বা বিভ্রান্তিকর তথ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সত্য, তথ্যনির্ভর ও যাচাই-বাছাই করা সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, রাষ্ট্রকেও এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সাংবাদিকরা ভয়ভীতি ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে গণমাধ্যমের অবদান অপরিসীম। তিনি স্মরণ করেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের জন্য একটি উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ ঘটে এবং গণমাধ্যমের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়। ওই সময় গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছিল বলেই গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হয়েছিল।

তবে তিনি বলেন, গত ১৬–১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণ ও ভূমিকা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এ সময় গণমাধ্যমকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে, যার ফলে গণতান্ত্রিক ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা—কোনো বিশেষ গোষ্ঠী বা দলের স্বার্থ রক্ষা নয়।

সাংবাদিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি সবসময় বলি—সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিবেক, নৈতিকতা ও সত্যের প্রতি দায়বদ্ধতা। এই মূল্যবোধ অটুট থাকলে কোনো চাপই গণমাধ্যমকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, নিরাপত্তা, ডিজিটাল আইন, সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ এসব বিষয়ে মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন এবং আশ্বস্ত করেন যে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, পাক্ষিক পেকুয়ার নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারীসহ চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী। বক্তারা বলেন, এ ধরনের মতবিনিময় সভা সাংবাদিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর