উৎপল কুমার মোহন্ত,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বুধবার সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রায়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি পরিচালনা করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর, দৌলতপুর, ঘাগুরদুয়ার, নিমারপাড়া, মহাস্থানগড় এবং পৌরসভার মীরেরচক এলাকায় ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিটি উঠান বৈঠকে মীর শাহে আলম স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটেই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক স্থানে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়, যা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে মীর শাহে আলম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, দৈনন্দিন সমস্যা ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে খোঁজখবর নেন। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের সমস্যা, অবহেলিত উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে শিবগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থন নিয়েই তিনি সংসদে গিয়ে এলাকার মানুষের কথা তুলে ধরবেন।
গণসংযোগ ও উঠান বৈঠকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে সিক্ত হন মীর শাহে আলম। অনেকেই ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচির প্রতিটি স্থানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রায়নগর ইউনিয়নসহ শিবগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে বগুড়া-২ আসনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে।
আকাশজমিন / আরআর