ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ২:৩৫ পিএম

নওগাঁ সদর উপজেলায় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তার নাম নাজিম উদ্দীন। তিনি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালেই নাজিম উদ্দীন ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল মেরে রাখেন। বিষয়টি কেন্দ্রের অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নজরে এলে তা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করতে হয়। গণনা শেষ হলে ফলাফল শিট পূরণ করে প্রিজাইডিং কর্মকর্তা স্বাক্ষর করবেন—এটাই নিয়ম। কিন্তু ভোট শেষ হওয়ার আগেই স্বাক্ষর ও সিল দিয়ে রাখার ঘটনাকে সংশ্লিষ্টরা গুরুতর অনিয়ম হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্র বলছে, এমন পদক্ষেপ কারচুপির পূর্ব-প্রস্তুতি হিসেবে সন্দেহের সৃষ্টি করে। যদিও অভিযুক্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে অনেক সময় লাগে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আমি আগেই স্বাক্ষর করে রেখেছিলাম। তবে এটি নিয়মসম্মত কি না, তা আমার জানা ছিল না।”

তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমন যুক্তি গ্রহণযোগ্য নয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন বলেন, “ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। এটি সুস্পষ্ট অনিয়ম।” অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রে নতুন একজন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলমান রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার পর স্থানীয়ভাবে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।


এ সম্পর্কিত আরো খবর