ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন শুরু হয়েছে। কর্মসংস্থান, শিশু নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে সোমবার পাঁচ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এআই ইমপ্যাক্ট সামিট’ উদ্বোধন করে বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের দ্রুত অগ্রগতির প্রতিফলন এবং তরুণদের সক্ষমতা তুলে ধরার একটি সুযোগ। সম্মেলনের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা গড়ে তুলতে একটি যৌথ রোডম্যাপ তৈরি করা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থী, ২০ জন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ৪৫টি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও এতে উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে আছেন স্যাম অল্টম্যান এবং সুন্দর পিচাই। তবে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং নির্ধারিত সফর বাতিল করেছেন।
সম্মেলনের ফাঁকে মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে এআই খাতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো এবং আগামী দশকে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, তবে এআই কোম্পানিগুলোকে বাস্তবভাবে জবাবদিহির আওতায় আনা যাবে কি না, তা নিয়ে সংশয় আছে। পূর্ববর্তী সম্মেলনগুলিতে দেওয়া প্রতিশ্রুতির বড় অংশই ছিল স্বেচ্ছানিয়ন্ত্রণভিত্তিক।
সম্মেলনে এআই নিরাপত্তা বিশেষভাবে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ডিপফেকসহ ভুয়া তথ্যের ঝুঁকি এবং ক্ষতিকর কনটেন্ট তৈরির বিষয় গুরুত্ব পাচ্ছে। জেনারেটিভ এআই সহজে ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে পারে, যা শিশুদের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, উন্নয়নশীল দেশে আয়োজিত এটিই প্রথম বড় বৈশ্বিক এআই সম্মেলন। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে এমন একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যাতে এআই প্রযুক্তি সবার উপকারে আসে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগোতে ভারতের সামনে এখনও দীর্ঘ পথ বাকি। তবে সম্মেলনের মাধ্যমে প্রযুক্তি ও নীতি নির্ধারণে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এই পাঁচ দিনের আয়োজন বিজ্ঞান, শিল্প ও শিক্ষাক্ষেত্রে ভারতকে বৈশ্বিক মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিভিন্ন দেশে এআই নীতি ও নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে। এতে বৈশ্বিক এআই ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ ও সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
আকাশজমিন / আরআর