নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি স্কুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশুকানন হাই স্কুলের অফিস কক্ষের তালা ও আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ এক লাখ ২৭ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতের যেকোনো সময়ে এ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে স্কুল খোলার সময় বিষয়টি প্রথমে নজরে আসে। সহকারী শিক্ষক অনিক রহমান অফিসে প্রবেশ করলে তালা ভাঙা অবস্থায় কক্ষটি দেখতে পান। বিষয়টি প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে জানানো হলে তিনি দ্রুত অন্যান্য শিক্ষকদের খবর দেন।
অফিস কক্ষে প্রবেশ করার পর দেখা যায়, আসবাবপত্র এলোমেলো রাখা এবং আলমারি ভাঙা অবস্থায়। আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ ফাইলপত্র, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত কাগজপত্র, টাই-ব্যাজ, খাতা-ডায়েরি ও বিক্রির নগদ অর্থসহ মোট এক লাখ ২৭ হাজার টাকা চুরি হয়েছে। প্রধান শিক্ষক বলেন, প্রাথমিকভাবে এটি সাধারণ চুরি মনে হলেও পরিকল্পিত চক্রান্তও হতে পারে।
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন এবং আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও উঠেছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও শক্তিশালী করার প্রয়োজন। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।