ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে নিহত ১, আটক ৪


  • আপলোড সময় : সোমবার ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ সময় : ৮:০৭ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহত ইব্রাহিম হোসেনের বড় ভাই রুহুল আমিন (৩৪)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ও আহত দুই ভাই বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে। নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী মেঘলা খাতুন বর্তমানে অন্তঃসত্ত্বা।

নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভাসুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করেন।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, ইব্রাহিম হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। আটকরা হলেন—আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), পিতা জামাল উদ্দিন (৬২) এবং মাতা শাহানারা খাতুন (৫৫)।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

স্থানীয়রা জানান, খামারের দুর্গন্ধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ থেকেই এমন প্রাণঘাতী ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর