ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার টাইগার উডস


  • আপলোড সময় : শনিবার ২৮ মার্চ, ২০২৬ সময় : ৩:২৯ পিএম

ক্রীড়া ডেস্ক

গলফ কিংবদন্তি টাইগার উডসের ঘটনাবহুল ক্যারিয়ারে নতুন একটি বিতর্ক যুক্ত হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পুলিশ। পরে কয়েক ঘণ্টা আটক থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

শুক্রবার ফ্লোরিডায় নিজের বাড়ির কাছে জুপিটার আইল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সড়ক দুর্ঘটনার পর টাইগার উডসকে আটক করা হয়। দুর্ঘটনায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, সম্পত্তির ক্ষতি করা এবং আইনসম্মত পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে।

মার্টিন কাউন্টি শেরিফ জন বুডেনসিক জানান, উডস একটি ট্রাককে ওভারটেক করার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে তার গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশে গিয়ে থামে। দুর্ঘটনায় অন্য কোনো গাড়ির বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

শেরিফের ভাষ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাইগার উডসকে ব্রেথলাইজার টেস্ট বা নিশ্বাসের পরীক্ষায় অংশ নিতে বলে। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। তবে পরবর্তীতে তাকে ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা করতে বলা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এই অসহযোগিতার কারণেই তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।

মার্টিন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে এমন অভিযোগে কাউকে অন্তত আট ঘণ্টা পর্যন্ত কাউন্টি জেলে আটকে রাখা হতে পারে। সেই নিয়ম অনুসারে টাইগার উডসকেও কয়েক ঘণ্টা আটক রাখা হয়।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেরিফ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউপিবিএফের ক্যামেরায় শুক্রবার গভীর রাতে তাকে একটি গাড়িতে করে স্থান ত্যাগ করতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা হাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

শেরিফ জন বুডেনসিক আরও বলেন, ড্রাগ বিশেষজ্ঞরা টাইগার উডসকে বেশ বিমর্ষ ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখতে পান। তাদের ধারণা, তিনি কোনো ধরনের ওষুধ বা মাদকের প্রভাবে থাকতে পারেন। তবে গাড়িতে কোনো ওষুধ পাওয়া যায়নি এবং তিনি পরীক্ষায় অংশ নিতে রাজি না হওয়ায় নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দুই লেনের ওই রাস্তায় টাইগার উডসের গাড়ির গতি ছিল বেশ বেশি। ট্রাকটি মোড় নেওয়ার জন্য গতি কমালে তিনি দ্রুত সেটিকে ওভারটেক করার চেষ্টা করেন। যদি বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসত, তাহলে দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত।

এই ঘটনার পর টাইগার উডসের ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। মায়ামিতে সাংবাদিকদের তিনি বলেন, টাইগার উডস একজন অসাধারণ মানুষ এবং তার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি আশা করেন উডস এই কঠিন সময় কাটিয়ে উঠবেন।

টাইগার উডসের ক্যারিয়ার দীর্ঘদিন ধরেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। ২০০৯ সালের ব্যক্তিগত কেলেঙ্কারি তার ভাবমূর্তিতে বড় ধাক্কা দিয়েছিল। পরে ২০২১ সালে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে আহত হয়।

গলফ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে টাইগার উডস পিজিএ ট্যুরে স্যাম স্নিডের সমান সর্বোচ্চ ৮২টি শিরোপা জিতেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে চোট ও শারীরিক সমস্যার কারণে তাকে খুব কম প্রতিযোগিতায় দেখা গেছে।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর