ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসের কম সময় বাকি। এমন সময় বড় ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোট পেয়েছেন আলবিসেলেস্তেদের তিন গুরুত্বপূর্ণ তারকা লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। এতে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কপালে পড়েছে বড় ধরনের চিন্তার ভাঁজ।
লন্ডনে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড ম্যাচে নিজের গোলরক্ষক আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে আহত হন ক্রিশ্চিয়ান রোমেরো। সংঘর্ষের পর তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ডান হাঁটুর অস্বস্তিবোধের কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই ২৭ বছর বয়সী সেন্টার ব্যাক।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোমেরোর লিগামেন্টে কোনো ধরনের ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্ট নেতিবাচক হলে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হতে পারে চরম অনিশ্চয়তা।
আর্জেন্টিনার জন্য আরেকটি বড় দুঃসংবাদ লাওতারো মার্টিনেজের চোট। ইন্টার মিলানের এই স্ট্রাইকারের আগের পেশির ইনজুরি আবারও ফিরে এসেছে বলে জানা গেছে। কিছুদিন আগে তিনি এই চোট থেকে সেরে উঠেছিলেন এবং মাঠে ফিরেছিলেন, তবে নতুন করে ব্যথা অনুভব করায় তার ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
লাওতারোর এই ইনজুরি আর্জেন্টিনার আক্রমণভাগে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ সাম্প্রতিক সময়ে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচে শুরুর একাদশে থাকলেও মাঠে নামতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ওয়ার্মআপের সময় হঠাৎ অস্বস্তি অনুভব করেন এবং পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি।
এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আর্জেন্টিনা শিবিরে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। বিশ্বকাপের আগে এমন পরিস্থিতিতে দলীয় ভারসাম্য ও পরিকল্পনা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে কোচিং স্টাফদের।
ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের আগে একসঙ্গে তিনজন মূল খেলোয়াড়ের চোট আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে রোমেরো ও এমিলিয়ানো মার্টিনেজের মতো রক্ষণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা দলের প্রস্তুতিকে প্রভাবিত করতে পারে।
বর্তমানে আর্জেন্টিনা শিবিরে অপেক্ষা করা হচ্ছে চূড়ান্ত মেডিকেল রিপোর্টের। সেই রিপোর্টের ওপরই নির্ভর করছে বিশ্বকাপ দলে এই তিন তারকার ভবিষ্যৎ।
আকাশজমিন / আরআর