ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

দুটি বিল পাস, এরপরই সংসদে তুমুল বিতর্ক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ সময় : ৫:১৬ পিএম

জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)–এর চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা তুলে দিয়ে দুটি সংশোধনী বিল পাস করা হয়েছে। তবে বিল দুটি পাস হওয়ার পরপরই সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল পাসের জন্য উত্থাপন করেন। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কেউ বিল দুটি জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর জন্য নোটিশ দেননি। ফলে কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য সদস্যরা আলোচনার সুযোগ পাননি।

বিল দুটি কণ্ঠভোটে পাস হওয়ার পর বিরোধী দলের সদস্যরা আলোচনার সুযোগ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এ সময় স্পিকার কায়সার কামাল বিধি অনুযায়ী বিল পাসের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করেন।

পরবর্তী সময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সুযোগ পেলে তিনি বলেন, সংসদের অনেক সদস্য নতুন হওয়ায় বিধি পুরোপুরি আয়ত্ত করতে পারেননি। তিনি অভিযোগ করেন, বিলটি যথাযথ সময় দিয়ে সংসদে আনা হয়নি এবং সদস্যদের বিল পর্যালোচনার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। তিনি বিল দুটি স্থগিত রাখারও অনুরোধ জানান, যদিও ততক্ষণে একটি বিল পাস হয়ে যায়।

বিল পাসের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন ফ্লোর নিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকারি দল সহজেই আইন পাস করতে পারছে। তিনি প্রশ্ন তোলেন, বয়সসীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে মাথায় রেখে নেওয়া হয়েছে কি না, নাকি এটি একটি নীতিগত সিদ্ধান্ত।

আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের প্রেক্ষাপট বিবেচনায় এ ধরনের পরিবর্তন ভবিষ্যতে প্রশ্নের জন্ম দিতে পারে। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ২০০১ সালে প্রধান বিচারপতির বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তের ফলে দেশে দীর্ঘমেয়াদি জটিলতা সৃষ্টি হয়েছিল।

এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বাস্তবতায় দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার জন্য বয়সসীমা তুলে দেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের প্রতিষ্ঠানে বয়সসীমার বাধ্যবাধকতা নেই। তিনি আরও বলেন, অর্থনৈতিক খাতে রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়োগ না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট সিদ্ধান্ত রয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়া প্রয়োজন হলেও সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

পরে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বর্তমান গভর্নরের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।

জবাবে অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলেই তিনি দলীয় ব্যক্তি হয়ে যান না। নির্বাচন প্রক্রিয়ায় অনেকেই অংশ নেন, যা তাদের দলীয় পরিচয়ের প্রমাণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

পাস হওয়া দুটি বিলে বিএসইসি ও আইডিআরএ–এর চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বাতিল করা হয়েছে। আগে বিএসইসির ক্ষেত্রে ৬৫ বছর এবং আইডিআরএ–এর ক্ষেত্রে ৬৭ বছর বয়সসীমা নির্ধারিত ছিল, যা এখন আর প্রযোজ্য থাকবে না।


এ সম্পর্কিত আরো খবর