ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাস টার্মিনাল বন্ধ

কুমিল্লায় বিএনপি নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও


  • আপলোড সময় : রবিবার ০৩ মে, ২০২৬ সময় : ৩:২৫ পিএম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করায় সেখান থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৩ মে ২০২৬) দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, তার বাসাও ওই টার্মিনালের পাশেই অবস্থিত।

এদিকে, আটকের খবর ছড়িয়ে পড়ার পরপরই পরিবহন শ্রমিক ও বিএনপি নেতা-কর্মীরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন। ফলে ওই টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লা ও স্থানীয় রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সামনে গিয়ে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী থানার মূল ফটক ঘিরে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই পরিবহন শ্রমিক। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন— ‘রেজাউল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘জেলের তালা ভাঙব, রেজাউল ভাইকে আনব’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

থানার ভেতরে ও বাইরে উত্তেজনা বিরাজ করলেও নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষুব্ধ জনতার কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ওসি তৌহিদুল আনোয়ার জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি আরও বলেন, কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করছে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। অন্যদিকে, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বেলা আড়াইটা পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। পরিস্থিতি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর