ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এমপিসহ অর্ধশতাধিক আহত


  • আপলোড সময় : শনিবার ০৯ মে, ২০২৬ সময় : ১১:৪০ এএম

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জমি রেজিস্ট্রি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়াবাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি কিনেছিলেন কোনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘদিন ধরে জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই জমি বিক্রয় সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং উভয় পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

ঘটনার সময় সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে সড়কে আটকা পড়েন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে এ সময় সংঘর্ষ চলাকালে তার গায়ে ইট এসে পড়ে তিনি আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষ থামাতে প্রথমে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছাতক থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বহু মানুষ আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে সংঘর্ষ দেখে আমি থামানোর চেষ্টা করি। এ সময় ইটের আঘাতে আমার পায়ে ও হাতে আঘাত লাগে। পরে চিকিৎসা নিয়েছি।”

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।


এ সম্পর্কিত আরো খবর