ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন এসপি ইমন


  • আপলোড সময় : সোমবার ১১ মে, ২০২৬ সময় : ৮:৪৮ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে এসপি তানভীর সালেহীন ইমনকে মুক্তি দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যা মামলায় ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এসপি তানভীর সালেহীন ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে তাকে আটক করে। পরে তাকে ঢাকায় এনে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ ঘটনায় নিহতের স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর বিভিন্ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়।

সেই ধারাবাহিকতায় এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে তার মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর