কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজারে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মঙ্গলবার (১১ মে) রাতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বুড়িচং উপজেলার সমন্বয়কারী মো. মোশারফ হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জলিলসহ ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষ করে গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে সহজ, দ্রুত এবং স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়া যায়—তা নিয়ে একটি সচেতনতামূলক ভিডিও ও নাটিকা প্রদর্শন করা হয়। প্রদর্শিত নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে স্থানীয় বিরোধ আদালতে নিষ্পত্তির সুবিধা, সময় সাশ্রয় এবং আইনি জটিলতা কমানোর বিষয়ে বাস্তব ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, গ্রামীণ পর্যায়ে অনেক মানুষ এখনও আনুষ্ঠানিক আদালত ব্যবস্থার জটিলতা সম্পর্কে সচেতন নন। ফলে ছোটখাটো বিরোধগুলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, যা সামাজিক অস্থিরতা তৈরি করে। গ্রাম আদালত ব্যবস্থার মাধ্যমে এসব বিরোধ স্থানীয় পর্যায়েই সমাধান করা সম্ভব, যা সময় ও অর্থ দুই-ই সাশ্রয় করে।
ভিডিও প্রদর্শনীর পর উপস্থিত দর্শকদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কুইজে গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হলে অংশগ্রহণকারীরা আগ্রহ নিয়ে উত্তর দেন।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আইনগত সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা আরও জানান, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।