প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সংবাদপত্রের স্বাধীনতা, নীতিগত বিভিন্ন বিষয় এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ভূমিকা, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
অন্যদিকে সম্পাদক পরিষদের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক রুশো মাহমুদ। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা গণমাধ্যমের স্বাধীনতা, নীতিগত সহায়তা এবং তথ্যপ্রবাহ সহজীকরণ নিয়ে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকার ও গণমাধ্যম প্রতিনিধিদের এ ধরনের বৈঠককে নীতিনির্ধারণী পর্যায়ে মতবিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে গণমাধ্যম ও সরকারের মধ্যে সমন্বয় আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে।