ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে তীব্র অচলাবস্থা, ৬ষ্ঠ দিনেও ব্লকেড কর্মসূচি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৪:২০ পিএম

গাজীপুর প্রতিনিধি: নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটকে কড়াকড়ি কিছুটা শিথিল থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসির নিয়োগ বাতিলসহ তিন দফা দাবিতে তাদের আন্দোলন চলবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো ডুয়েট ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে দাবি আদায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এসময় তারা নতুন নিয়োগকৃত ভিসির অপসারণ দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়। এর আগে গতকাল সদর থানায় ২৫০ জন অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ। মামলা হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

আন্দোলনের পাশাপাশি আলোচনার দরজা খোলা রয়েছে জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

ব্লকেড কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালাবন্ধ থাকলেও খোলা রয়েছে পকেট গেট। সকাল থেকে কিছু শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে প্রবেশ করেছেন। মূল ফটকের সামনে জ্বালিয়ে দেওয়া মোটরসাইকেলের অংশবিশেষ এখনও পড়ে রয়েছে। ফটকের সামনে বিভিন্ন আসবাবপত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। এতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ে।

এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলে আন্দোলন শুরু হয়। বৃহস্পতিবারই শিক্ষার্থীরা ডুয়েটের মধ্যে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা জয়দেবপুর-শিমুলতলী রাস্তা অবরোধ করে। শুক্রবারেও তাদের আন্দোলন চলমান থাকে। শনিবারে তারা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হন।

এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করেছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই।


এ সম্পর্কিত আরো খবর