ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ সময় : ৭:১১ পিএম

দেশজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা। নৃশংস শিশু রামিসা হত্যাসহ দেশব্যাপী অব্যাহত খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের লোমহর্ষক ঘটনাগুলোর তীব্র প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় এক বিশাল মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব গেটের সামনে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের ব্যানারে এই নাগরিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার সর্বস্তরের সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকেরা অংশ নেন।

উক্ত মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে একে একে বক্তব্য রাখেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা রিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।

সাতক্ষীরায় আয়োজিত এই গণপ্রতিরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ছিল— আইন ও সালিশ কেন্দ্র আসক-ঢাকা, নাগরিকতা প্রকল্প-স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা, মেরিট শিক্ষা পরিবার, সৃজনী মহিলা লোককেন্দ্র, সুশীলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসও এইচ আরডি কোয়ালিশন, সিডো, ক্রিসেন্ট, এইচআরডি নেটওয়ার্ক, সৃজনী মহিলা লোক কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, বারসিক, সুন্দরবন ফাউন্ডেশন এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

গণপ্রতিবাদ কর্মসূচিতে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "বর্তমানে দেশে অবোধ শিশু ও নারীদের ওপর নির্যাতন, নির্মম খুন, নৃশংস অপহরণ ও ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে এবং উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আইন-শৃঙ্খলার এমন অবনতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" বক্তারা অবুঝ শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে তারা দেশের প্রতিটি প্রান্তে নারী ও শিশুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আশ্রয়দাতাদের রুখে দিতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। এ সময় তারা অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।


এ সম্পর্কিত আরো খবর