ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,  ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবি না মানলে আরেকটি বিপ্লব হবে: জামায়াত আমীর আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধার, বাংলাদেশি গ্রেপ্তার আজ থেকে শুরু হচ্ছে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের কার্যক্রম মাঝপথেই সফর বাতিল করে দেশে ফিরলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে হটিয়ে বিকল্প সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তাহসিফের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দ্বীপ গ্রেপ্তার ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শুরু

রানীনগরে বজ্রপাতে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২১ মে, ২০২৬ সময় : ৬:৩৫ পিএম

নওগাঁর রানীনগর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা সবাই কৃষিকাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহতরা হলেন আক্কাস ফকির (৫৮), পিতা মৃত আসাদ ফকির এবং তারেক ফকির (২৪), পিতা আমিনুর রহমান। তারা উভয়েই রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। এছাড়া অপর নিহত ব্যক্তি হলেন উপজেলার ৫ নম্বর বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের নয়ন তালুকদার (৩২), পিতা হাসেন তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক ফকির নিজ গ্রামের পাশের মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় আকাশে হঠাৎ কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

অন্যদিকে, উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিটা গ্রামের কৃষক নয়ন তালুকদার নিজ কৃষিজমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বৃষ্টি থেমে গেলে মাঠে গিয়ে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন।

গ্রামবাসীরা জানান, বজ্রপাতের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

স্থানীয়দের ভাষ্য, চলতি মৌসুমে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে মাঠে কাজ করা শ্রমিক ও কৃষকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা বজ্রপাত থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার দাবি তুলেছেন।

রানীনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ সম্পর্কিত আরো খবর