বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ৭৪ জন ভাতাভোগী সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল উন্নত মানের পোলাও চাল, সেমাই, নুডুলস, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন তেল, সুজি এবং বাহিনীর নিজস্ব লোগো সংবলিত বিশেষ শপিং ব্যাগ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আশু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও আনসার-ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গ্রামীণ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে শুরু থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে ভিডিপি সদস্যদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পবিত্র ঈদের আগে এমন চমৎকার উপহার পেয়ে বাহিনীর ভাতাভোগী সাধারণ সদস্য ও সদস্যারা দারুণ আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিল ভিডিপি সদস্য নূর হোসেন বলেন, “ঈদের ঠিক আগে আগে এমন সুন্দর উপহার পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের মতো সাধারণ ও মাঠপর্যায়ের সদস্যদের কথা চিন্তা করে ঈদের খুশি ভাগ করে নেওয়ায় আমরা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
একইভাবে অনুভূতি প্রকাশ করে দলনেত্রী সেকোপতারা বেগম বলেন, “এই উপহার আমাদের নিম্ন-আয়ের পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতেও আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে প্রশাসনের এ ধরনের মহতী ও কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশু বড়ুয়া বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার পেয়ে প্রত্যেক ভাতাভোগী সদস্য-সদস্যা অত্যন্ত আনন্দিত ও পুলকিত। নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি পরিবারের পক্ষ থেকে আমাদের বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।”
প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী বাহিনী। দেশের সামগ্রিক মাদক, চোরাচালান রোধ ও গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সীমান্তবর্তী উপজেলা হিসেবে গ্রাম পর্যায়ে যে কোনো ধরণের অপরাধ ও অনিয়ম নির্মূলে আপনাদের আরও বেশি আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
আকাশজমিন / আরআর