ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাউফলে তিন অসহায় ভাইয়ের পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন


  • আপলোড সময় : শনিবার ২৩ মে, ২০২৬ সময় : ৫:২৪ পিএম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামের বাবা-মা হারা মানসিক ভারসাম্যহীন তিন সহোদরের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও মানবেতর জীবনযাপন করা এই তিন ভাইয়ের দুঃখ-দুর্দশার খবর জানার পর অত্যন্ত দ্রুততার সাথে তাদের টেকসই সহায়তায় এগিয়ে আসেন তিনি। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে ওই তিন ভাইয়ের মুখে ফুটেছে আনন্দের হাসি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আলোকচাঁদকাঠী গ্রামের বাসিন্দা নিদু (৩৫), সাধন (৩২) ও রিপন (৩০) নামের তিন সহোদর ভাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। কিছুদিন আগে তাদের বাবা-মা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েন এই তিন ভাই। দেখভালের কোনো মানুষ না থাকায় তাদের জীবন চরম অভাব-অনটন, ক্ষুধা আর চরম অবহেলায় কাটছিল। ঠিকমতো খাবার ও চিকিৎসা না পেয়ে তারা প্রায়শই অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছিলেন। সম্প্রতি স্থানীয় সচেতন মহলের মাধ্যমে এই অসহায় ভাইদের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে মানবিক উদ্যোগ নেন বাউফলের ইউএনও সালেহ আহমেদ।

আজ শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে ওই তিন ভাইকে সসম্মানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ইউএনও সালেহ আহমেদ পরম মমতায় তাদের হাতে ৫০ কেজি চাল ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। তবে কেবল তাৎক্ষণিক সাহায্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি; তিন ভাইয়ের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দ্রুত সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতার আওতায় অন্তর্ভুক্ত করার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ‘অসহায় এই তিন ভাইয়ের মানবেতর জীবনের বিষয়টি জানার পরপরই আমরা জেলা প্রশাসনের নির্দেশনায় তাদের সহায়তার কার্যকর উদ্যোগ নিয়েছি। তাদের নিয়মিত সরকারি সুবিধা নিশ্চিত করতে স্থায়ীভাবে প্রতিবন্ধী ভাতার কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া আজ তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক, আন্তরিক ও মানবিক পদক্ষেপে আলোকচাঁদকাঠী গ্রামসহ পুরো বাউফল এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই মানবিক কাজের জন্য ইউএনও সালেহ আহমেদ ও জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর