ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিগারেটের মূল্য বৃদ্ধিসহ ৫ দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন


  • আপলোড সময় : রবিবার ২৪ মে, ২০২৬ সময় : ৭:৫৫ পিএম

পাবনা প্রতিনিধি:

বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। রবিবার (২৪ মে) সকাল ১১টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি করা, বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা।

মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ি একটি দেশীয় শ্রমিকনির্ভর শিল্প। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বিড়িতে কোনো শুল্ক ছিল না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে বিড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং লক্ষ লক্ষ নারী ও পুরুষ শ্রমিক বেকারত্বের ঝুঁকিতে পড়েছেন।

তারা আরও বলেন, আগামী বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করার দাবি জানানো হচ্ছে এবং বিড়ি শ্রমিকদের কর্মদিবস বৃদ্ধি করার অনুরোধ জানানো হয়।

বক্তারা নকল বিড়ি উৎপাদন ও বিক্রিকে এই শিল্পের বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন। এ কারণে নকল বিড়ি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া বর্তমানে দেশের তামাক বাজারের বড় অংশ নিম্নস্তরের সিগারেট দখল করে আছে উল্লেখ করে বক্তারা বলেন, বিড়ি শিল্প রক্ষায় নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো জরুরি। পাশাপাশি বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করার দাবি জানান তারা।

পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহ-সভাপতি রাণী খাতুন, যুগ্ম সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক দুলাল মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, কোষাধ্যক্ষ টোকন রায়, শ্রম সম্পাদক চামেলি খাতুন প্রমুখ।


এ সম্পর্কিত আরো খবর