ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

জুলাই বিপ্লবের শহীদ পরিবারের মাঝে জামায়াত আমীরের ঈদ উপহার


  • আপলোড সময় : বুধবার ২৭ মে, ২০২৬ সময় : ১:৪২ এএম

​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে জুলাই বিপ্লবে শহীদ হওয়া সাতটি বীর পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সৌজন্যে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

উপহার বিতরণকালে প্রতিটি শহীদ পরিবারের জন্য অত্যন্ত সুনিপুণভাবে সাজানো উপহার সামগ্রীর প্যাকেজ নিশ্চিত করা হয়। এই বিশেষ উপহার প্যাকেজে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর এক বিশাল সম্ভার। যার মধ্যে প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল ৫০ কেজি মানসম্মত চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ কেজি চিনি, ১ কেজি রসুন, ৫ কেজি পিঁয়াজ এবং ৫ লিটার সয়াবিন তেল। এর পাশাপাশি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিতে প্রতিটি শহীদ পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়। উপহার পেয়ে শহীদদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই শহীদদের রক্তের বিনিময়ে আজ দেশ এক নতুন স্বাধীনতা ও অধিকার লাভ করেছে। বক্তব্য শেষে তিনি উপস্থিত প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের কাছে যান, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের বর্তমান পারিবারিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “যাদের ওপর কোরবানি ফরজ হয়েছে, তারা যেন যথাযথভাবে পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি একটি মানবিক, সুন্দর ও সমৃদ্ধ বাউফল বিনির্মাণে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চালানো বিভিন্ন অপপ্রচার ও নেতিবাচক প্রচারণা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ড. মাসুদ। তিনি উপস্থিত সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, “আমাদের সংগঠন ও নেতৃত্ব সম্পর্কে মাঝে মাঝে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান জানাই, কোনো তথ্য পাওয়ার পর তা বিশ্বাস করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে দেখবেন। যদি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তার আইনি ও সামাজিক শাস্তি আমরা মাথা পেতে নেব। সংগঠনের কেউ যদি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।” এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রচারের জন্য জোরালো আহ্বান জানান।

এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেন, “বাউফলের মাটিতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। উন্নয়নমূলক কাজে কেউ যদি চুরি, অনিয়ম কিংবা চাঁদাবাজি করার দুঃসাহস দেখায়, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক না কেন, তার স্থান হবে কারাগারে।” বাউফলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি আরও একটি সুখবর দেন। ড. মাসুদ বলেন, “কিছুদিন আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাউফলে বগার লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, লোহালিয়া নদীতে অবশ্যই একটি আধুনিক সেতু নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। এই সেতু নির্মিত হলে বাউফলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।” অনুষ্ঠানে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর