সিরাজগঞ্জ প্রতিনিধি / : 159
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সরদারপাড়া এলাকায় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম আমিনুর রহমান টুটুলের বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সবাই গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা আলমারি ও ওয়ারড্রব ভেঙে ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম আমিনুর রহমান টুটুল বলেন, পরিবারের সবাই বাড়ির বাইরে থাকায় চোরেরা পরিকল্পিতভাবে বাসায় ঢুকে তছনছ চালিয়েছে। আলমারি ও ওয়ারড্রব ভেঙে মূল্যবান মালামাল নিয়ে গেছে। পৌর শহরের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এমন ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পৌর শহরে এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে। তবে অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে চুরি-ডাকাতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চুরির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
তিনি জানান, চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।