কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে নওহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন— হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।
আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন তাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলায় তার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, সামান্য বিষয় নিয়ে সংঘর্ষের এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।