‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে লেবাননে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। প্রতিকূল পরিস্থিতির মাঝেও প্রবাসী বাংলাদেশীদের মাঝে ক্রীড়া চর্চা, সম্প্রীতি এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির এই ব্যতিক্রমী আয়োজন। রোববার (৩১ মে) লেবাননের ইজদাইদী ছেয়ার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আল আমিন ইজ্জত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলম হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক পলাশ বেপারী। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একই সঙ্গে প্রবাসীদের ক্ষতিকর মাদক থেকে দূরে থাকার জোরালো আহ্বান জানান উপস্থিত বক্তারা। ১৬টি শক্তিশালী দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠের লড়াইয়ে অনুষ্ঠিত হয় চারটি ম্যাচ। এই ফুটবল খেলা ঘিরে লেবানন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনা। প্রবাসীদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট বর্তমানে লেবাননে বাংলাদেশী কমিউনিটির মাঝে এক নতুন প্রাণচাঞ্চল্য ও সৌহার্দ্যের তৈরি করেছে।