মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি হুমকি দেওয়া চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিষয়টি দ্রুত মেহেরপুর থানা পুলিশকে অবহিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত মো. এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তার বাড়ির দেয়ালের ওপর হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি হুমকির চিরকুট রেখে যায়।
চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে লেখা রয়েছে— “তুই ভালো মন্দ খেয়ে নে। তোর সময় শেষ। বটতলায় তোর মাথা গাছে ঝুলিয়ে রাখবো। তুইসহ তোর পাশে যারা থাকে কাউকে ছাড়বো না।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিকভাবে সংঘাত এড়াতে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বানও জানিয়েছেন তারা।
লস্কর আলী জানান, সকালে বাড়ির প্রাচীরের ওপর একটি পলিথিন ব্যাগে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকি দিয়ে একটি চিরকুট রাখা ছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।