সাতক্ষীরা প্রতিনিধি:
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে শহরের ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা বলেন, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের আস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বক্তারা দাবি করেন, ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চেয়ারম্যানের নিয়োগ বাতিল করতে হবে। একই সঙ্গে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে আরও বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের বাইরে পাচার হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে তা রাষ্ট্রীয় অর্থনীতিতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। বক্তব্য দেন মাওলানা রুস্তম আলী তৈহিদি, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের ও বদিউজ্জামান।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দাবি আদায়ে সংহতি প্রকাশ করেন।