নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ বাড়ি থেকে বের হয়ে মো. আব্দুর রহমান ওরফে মুজাহিদ (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের একদিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ আব্দুর রহমান ওরফে মুজাহিদ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মো. সাকায়েত হোসেন সাজ্জাদের ছেলে। সে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকায় একটি মাদরাসার ছাত্র।
নিখোঁজ ছাত্রের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার সকালে আব্দুর রহমান নিজেই বাইসাইকেল চালিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বাড়ি ফেরে। পরে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে, একই দিন দুপুর আড়াইটার দিকে তাকে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ইজিবাইকে লোহাগড়ার দিকে যেতে দেখা যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পায়জামা ও সাদা গেঞ্জি।
ঘটনার পর বুধবার (৩ জুন) বিকেলে নিখোঁজ আব্দুর রহমানের মা মোছা. মৌসুমী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তবে একদিন পার হলেও এখনো তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “নিখোঁজ ছেলেটির মা থানায় জিডি করেছেন। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। দ্রুতই তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”