ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম


  • আপলোড সময় : শনিবার ০৬ জুন, ২০২৬ সময় : ৮:৪৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখড়াশাল গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের স্ত্রী মেহেরা খাতুন (৬০) এবং তার ছেলে জাহাঙ্গীর আলমের স্ত্রী খালেদা আক্তার বেবী (৩০)।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিনের বৃষ্টির পর শুক্রবার সকালে রোদ ওঠায় বাড়ির আঙিনায় ধান শুকানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। এ সময় ঘরের ভেতর থেকে ধান বের করতে যান খালেদা আক্তার বেবী। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি বা শর্টসার্কিটের কারণে ঘরের টিনের অংশ বা কোনো বৈদ্যুতিক সংযোগ বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত সেটির সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং চিৎকার দিয়ে সাহায্য চান।
পুত্রবধূর আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করতে ছুটে যান শাশুড়ি মেহেরা খাতুন। তিনি পুত্রবধূকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দু’জনকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দু’জনকেই মৃত ঘোষণা করেন।



নিহত মেহেরা খাতুনের ফুফাতো ভাই মো. খাইরুল ইসলাম জানান, “সকালে ধান বের করতে গিয়ে প্রথমে বেবী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শাশুড়ি মেহেরা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।”

স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীরা জানান, নিহত দুই নারী অত্যন্ত শান্ত-স্বভাবের ও পরোপকারী ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের আবহ বিরাজ করছে। ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় দেখা গেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এদিকে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাড়িঘরের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন করুণ মৃত্যু উখড়াশাল গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।


এ সম্পর্কিত আরো খবর